
মাদারীপুরের ডাসার উপজেলার রাইয়ার বিল থেকে ঠাকুর দাস (৪৫) নামের এক বাক-প্রতিবন্ধী দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের একদিন পর রোববার সকালে বিলের পানি থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ঠাকুর দাস দীর্ঘদিন ধরে বাক-প্রতিবন্ধী ছিলেন এবং দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। শনিবার সকালে প্রতিদিনের মতো কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন তিনি। পরবর্তীতে রাইয়ার বিলে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির জমিতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে যান।
সারাদিন বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রোববার সকালে বিলে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে ডাসার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান,খবর পেয়ে বিল থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :