সরবরাহ বাড়ার চাপে তেলের বাজার | Daily AjKaler Kontho

সরবরাহ বাড়ার চাপে তেলের বাজার


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সরবরাহ বাড়ার চাপে তেলের বাজার

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বড় আকারে বাড়েনি। তবে সরবরাহ বাড়ার সম্ভাবনা ও বৈশ্বিক চাহিদা নিয়ে অনিশ্চয়তার কারণে বাজারে সতর্ক অবস্থান নিয়েছেন বিনিয়োগকারীরা। এতে চাপ পড়েছে তেলের বাজারে।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (৭ জুলাই) সামান্য বেড়েছে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম।

এদিন লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৮ সেন্ট বা ০.৩৯ শতাংশ বেড়ে ৭২.২৯ ডলারে ওঠে। একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দাম ২৯ সেন্ট বা ০.২৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬৮.৮৪ ডলারে। তবে আগের দিন দুই ধরনের তেলের দামই ইরান-সংঘাতের আগের অবস্থানের কাছাকাছি নেমে এসেছিল।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে তাৎক্ষণিক উত্তেজনা কমে যাওয়ায় তেলের দামে যুক্ত হওয়া ঝুঁকির প্রিমিয়ামও কমেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক এখনও অনিশ্চিত থাকায় পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাবে, নয়তো ‘কাজ শেষ করবে’। তার এই মন্তব্য নতুন করে বাজারে উদ্বেগ তৈরি করেছে।

বিনিয়োগকারীরা এখন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এবং উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানির পরিস্থিতির দিকে নজর রাখছেন। একই সঙ্গে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনে জ্বালানির চাহিদা কীভাবে বাড়ে, সেটিও তেলের বাজারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

অন্যদিকে ওপেক প্লাস আগস্ট থেকে দৈনিক আরও ১ লাখ ৮৮ হাজার ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে জুন ও জুলাই মাসেও উৎপাদন বাড়ানো হয়েছিল।

রয়টার্সের হিসাব অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত জুনে দৈনিক ৩৮ লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদন করেছে, যা ২০২০ সালের এপ্রিলের পর সর্বোচ্চ। পাশাপাশি সৌদি আরব আগস্টের জন্য এশিয়ার বাজারে তাদের প্রধান ‘আরব লাইট’ অপরিশোধিত তেলের সরকারি বিক্রয়মূল্যও উল্লেখযোগ্যভাবে কমিয়েছে, যা দুই দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় মূল্যছাড়।

আজকালের কন্ঠ/আর বি