মুরাদনগরে অবৈধ গ্যাসে চলছিল চুন কারখানা, অভিযানে হাতেনাতে ধরা | Daily AjKaler Kontho

মুরাদনগরে অবৈধ গ্যাসে চলছিল চুন কারখানা, অভিযানে হাতেনাতে ধরা


কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
মুরাদনগরে অবৈধ গ্যাসে চলছিল চুন কারখানা, অভিযানে হাতেনাতে ধরা

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের ফুলপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুন উৎপাদনের একটি কারখানার সন্ধান পেয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। অভিযান চালিয়ে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন, সরঞ্জাম জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৪ জুন) বিকেলে বিজিডিসিএলের দেবিদ্বার এরিয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রকৌশলী কাজী আবু ওবায়েদের নেতৃত্বে একটি ভিজিল্যান্স টিম ফুলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাটি খুঁড়ে অবৈধ গ্যাস লাইনের অস্তিত্ব শনাক্ত করা হয় এবং গ্যাস ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বিজিডিসিএল সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে আবাসিক এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করে পাথর পুড়িয়ে চুন উৎপাদন করে আসছিলেন। অভিযোগ রয়েছে, এলাকাবাসী এ কার্যক্রমে আপত্তি জানালেও সংশ্লিষ্টরা তা উপেক্ষা করে উল্টো ভয়ভীতি প্রদর্শন করতেন।

অভিযানকালে পাঁচটি ফার্নেস লাইনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ উপায়ে জাতীয় সম্পদ গ্যাস চুরি করে ব্যবহারের প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অবৈধ সংযোগগুলো তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।

বিজিডিসিএলের দেবিদ্বার এরিয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী কাজী আবু ওবায়েদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে গ্যাস ব্যবহারের সময় হাতেনাতে প্রমাণ পাওয়া গেছে। বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। প্রাথমিক হিসাবে প্রতি মাসে প্রায় ১০ লাখ টাকার গ্যাস অপচয় করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।”

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান বলেন, “বিজিডিসিএলের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় বাসিন্দারা অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি