​খানসামায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন: র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

​খানসামায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন: র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


​দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ২:৪৪ অপরাহ্ন
​খানসামায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন: র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“সবুজ পৃথিবী, আমাদের অঙ্গীকার”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন (শুক্রবার) খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।

​সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস।

​অনুষ্ঠানে গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন খানসামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল এবং সিনিয়র সহ-সভাপতি তোফিজ উদ্দিন আহমেদ।

​সভাপতির বক্তব্যে ইউএনও কামরুজ্জামান সরকার বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে পরিবেশ সংরক্ষণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পৃথিবী রেখে যেতে আমাদের সবাইকে গাছ লাগানো এবং পরিবেশ দূষণ রোধে একযোগে কাজ করতে হবে।”

​অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিকের ব্যবহার বর্জন এবং অধিক পরিমাণে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

আজকালের কন্ঠ/আর বি