“সবুজ পৃথিবী, আমাদের অঙ্গীকার”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন (শুক্রবার) খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস।
অনুষ্ঠানে গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন খানসামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল এবং সিনিয়র সহ-সভাপতি তোফিজ উদ্দিন আহমেদ।
সভাপতির বক্তব্যে ইউএনও কামরুজ্জামান সরকার বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে পরিবেশ সংরক্ষণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পৃথিবী রেখে যেতে আমাদের সবাইকে গাছ লাগানো এবং পরিবেশ দূষণ রোধে একযোগে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিকের ব্যবহার বর্জন এবং অধিক পরিমাণে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।
আজকালের কন্ঠ/আর বি