
সিলেটের গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকি রাণী দেবের মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ৩০ মে শনিবার বাঘা আহাদ কমিউনিটি সেন্টারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় ঝুমকির পরিবারের সদস্যরা অভিযোগ করেন, এটি কোনো আত্মহত্যার ঘটনা নয়; বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ঝুমকির বাবা ও স্বজনরা আবেগঘন কণ্ঠে বলেন, “আমরা আমাদের মেয়ের হত্যার সঠিক বিচার চাই। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।”এসময় উপস্থিত জনতা “ফাঁসি চাই, ফাঁসি চাই”, “খুনিদের ফাঁসি চাই” স্লোগানে মুখরিত হয়ে ওঠেন।
প্রতিবাদ সমাবেশে বাঘা ইউনিয়নের সর্বস্তরের জনগণ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ঝুমকি রাণী দেবের মৃত্যুর রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
উল্লেখ্য, গত ২৪ মে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হেতিমগঞ্জ পূর্বপাড়ায় ঝুমকি রাণী দেব (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় নিজ শয়নকক্ষের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, মৃত্যুর ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার ও স্থানীয়দের দাবি, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক।
আপনার মতামত লিখুন :