ঢালিউডে চালু হচ্ছে ই-টিকিটিং ও বক্স অফিস | Daily AjKaler Kontho

ঢালিউডে চালু হচ্ছে ই-টিকিটিং ও বক্স অফিস


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ১:২০ অপরাহ্ন
ঢালিউডে চালু হচ্ছে ই-টিকিটিং ও বক্স অফিস

দেশের চলচ্চিত্র শিল্পকে আরো আধুনিক ও স্বচ্ছ করতে সব সিনেমা হলকে কেন্দ্রীয় সার্ভারের আওতায় এনে ই-টিকিটিং ও বক্স অফিস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রায় ৫০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন।

সরকারের ইতিবাচক সাড়া পাওয়ার পরই এ উদ্যোগে কাজ শুরু করেছে এফডিসি। এমনটাই জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি।

তিনি জানান, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। এ বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মন্ত্রণালয়ের বৈঠকে ই-টিকিটিং ও বক্স অফিস চালু নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এরপরই এফডিসিকে ডিপিপি তৈরি করে জমা দিতে বলা হয়।

গত প্রায় ২০ দিন ধরে প্রস্তাব তৈরির কাজ চলছে।

মাসুমা তানি জানান, আসন্ন ঈদের আগেই প্রস্তাবটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগে জমা দেওয়া হবে।

এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রীর (ইয়াসের খান চৌধুরী) সঙ্গে বৈঠক করেছি। উনি বলেছেন, কাজটা যেন ন্যূনতম অর্থ ব্যয়ে হয়।

আমরাও সে ব্যাপারে সচেষ্ট থাকব।’

ডিপিপি তৈরির আগে সিনেমা হল মালিক সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি এবং বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে এফডিসি। ই-টিকিটিং ও বক্স অফিস চালুর বিষয়ে চলচ্চিত্রসংশ্লিষ্ট প্রায় সবাই ইতিবাচক মত দিয়েছেন।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ডিপিপি জমা দেওয়ার পর সেটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভায় উপস্থাপন করা হবে। এরপর প্রকল্পটি পরিকল্পনা কমিশনে পাঠানো হবে অনুমোদনের জন্য।

অনুমোদন মিললে বাস্তবায়নের কাজ শুরু করবে এফডিসি।

আজকালের কন্ঠ/আর বি