বজ্রপাতে নববধূর মর্মান্তিক মৃত্যু: হাজিরহাটে শোকের ছায়া
জাকির হোসেন জুয়েল , লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রপাতে হাফেজা লিমা আক্তার (১৮) নামের এক নববধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৭নং হাজিরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাত ধরুন এলাকার আব্দুল হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমা ওই এলাকার ইউসুফ আলী খোকনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র দুই মাস আগে লিমার পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়েছিল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও তিনি এখনো বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। শিগগিরই স্বামীর বাড়িতে যাওয়ার প্রস্তুতি চলছিল।
ঘটনার সময় হঠাৎ বজ্রপাত হলে লিমা গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিয়ের আনন্দ কাটতে না কাটতেই লিমার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। মেধাবী এই তরুণীর অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
হাজিরহাট ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আপেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বজ্রপাতে নিহতের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি।”
এদিকে স্থানীয় এলাকাবাসী প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।
আজকালের কন্ঠ/আরএস
আপনার মতামত লিখুন :