জাতিসংঘে ‘ভুল তথ্য’ উপস্থাপনের অভিযোগে রাঙামাটিতে বিক্ষোভ | Daily AjKaler Kontho

জাতিসংঘে ‘ভুল তথ্য’ উপস্থাপনের অভিযোগে রাঙামাটিতে বিক্ষোভ


আহমদ বিল্লাল খান, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
জাতিসংঘে ‘ভুল তথ্য’ উপস্থাপনের অভিযোগে রাঙামাটিতে বিক্ষোভ

আন্তর্জাতিক অঙ্গনে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে একপাক্ষিক ও ‘চরম মিথ্যা’ চিত্র তুলে ধরা হচ্ছে, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে’ এ অভিযোগ তুলে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের (UNPFII) ২৫তম অধিবেশনকে ঘিরে এ কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজ শেষে শহরের কাঠালতলী মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে বনরূপা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন পিসিসিপির রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাবীব আজম বলেন, আন্তর্জাতিক পরিসরে দেওয়া কিছু বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম, সরকার ও নিরাপত্তা বাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে, যা দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।

জেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন অভিযোগ করেন, বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তি ও গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রামের বাস্তবতা বিকৃতভাবে তুলে ধরছে, ফলে আন্তর্জাতিক মহলে ভুল ধারণা তৈরি হচ্ছে।

বক্তারা বলেন, এ ধরনের রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদানকারীদের আইনের আওতায় আনা জরুরি। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে তথ্যনির্ভর ও ভারসাম্যপূর্ণ উপস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের আগে অবৈধ অস্ত্র উদ্ধার, ভূমি কমিশন পুনর্গঠন এবং বৈষম্যহীন ভূমি ব্যবস্থাপনার দাবি জানানো হয়।

এ সময় বিভিন্ন পেশাজীবী ও সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি সংবেদনশীল অঞ্চল হওয়ায় এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্বশীল অবস্থান জরুরি, যাতে শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত না হয়।

শেষে নেতারা সতর্ক করে বলেন, ভবিষ্যতেও এ ধরনের “মিথ্যাচার” অব্যাহত থাকলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।