ব্রাহ্মণবাড়িয়ায় হামের আতঙ্ক: শিশুসহ হাসপাতালে ভর্তি ১১, খোলা হয়েছে বিশেষ আইসোলেশন ইউনিট | Daily AjKaler Kontho

ব্রাহ্মণবাড়িয়ায় হামের আতঙ্ক: শিশুসহ হাসপাতালে ভর্তি ১১, খোলা হয়েছে বিশেষ আইসোলেশন ইউনিট


মোঃ ইসমাইল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় হামের আতঙ্ক: শিশুসহ হাসপাতালে ভর্তি ১১, খোলা হয়েছে বিশেষ আইসোলেশন ইউনিট

​ব্রাহ্মণবাড়িয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে হামের সংক্রমণ। গত চব্বিশ ঘণ্টায় শিশুসহ অন্তত ১১ জন হামের উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ করে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, আতঙ্কিত না হয়ে সচেতন থাকাই এখন প্রধান কাজ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১০ জনই শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক যুবক। আক্রান্তদের শরীরে উচ্চ তাপমাত্রা, সর্দি-কাশি এবং লালচে র‍্যাশ বা দানা লক্ষ্য করা গেছে। আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালের শিশু ওয়ার্ডে জরুরি ভিত্তিতে একটি বিশেষ আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্তদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর সংক্রমণের ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় হামের প্রকোপ বেড়েছে। মার্চ মাসেই সারাদেশে হামে আক্রান্ত হয়ে ২১ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আগামী ৫ এপ্রিল (রোববার) থেকে সারাদেশে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। শিশুর শরীরে জ্বর ও দানাদার র‍্যাশ দেখা দিলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে। এছাড়া আক্রান্ত শিশুকে পর্যাপ্ত তরল খাবার, পুষ্টিকর আহার এবং অন্য শিশুদের থেকে আলাদা রাখার পরামর্শ দিয়েছেন তারা।