রেলক্রসিংগুলোতে স্বয়ংক্রিয় সিগনাল সিস্টেম চালু করা হবে: কৃষিমন্ত্রী  | Daily AjKaler Kontho

রেলক্রসিংগুলোতে স্বয়ংক্রিয় সিগনাল সিস্টেম চালু করা হবে: কৃষিমন্ত্রী 


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৬, ২:৪৪ অপরাহ্ন
রেলক্রসিংগুলোতে স্বয়ংক্রিয় সিগনাল সিস্টেম চালু করা হবে: কৃষিমন্ত্রী 

আজ (২২ মার্চ) বেলা ১১টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের পর দেশের মহাসড়কের উপর দিয়ে যাওয়া রেলক্রসিংগুলোতে স্বয়ংক্রিয় সিগনাল ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন কৃষি, প্রাণিসম্পদ ও খাদ্যমন্ত্রী আমিনুর রশীদ।

মন্ত্রী বলেন, কুমিল্লার এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি গভীরভাবে তদন্ত করা হবে। ইতোমধ্যে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি জানান, আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে ঢাকায় বা বিদেশে পাঠানো হবে। এছাড়া নিহত প্রত্যেক পরিবারের জন্য মরদেহ বাড়িতে নেওয়ার খরচ হিসেবে তাৎক্ষণিক ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে।

এ ছাড়া ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পদুয়ারবাজার লেভেল ক্রসিংয়ে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের সঙ্গে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন।

আজকালের কন্ঠ/আর এস