সিংড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১৬টি এক্সকাভেটরের ব্যাটারি জব্দ: ইউএনও’র কঠোর হুঁশিয়ারি | Daily AjKaler Kontho

সিংড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১৬টি এক্সকাভেটরের ব্যাটারি জব্দ: ইউএনও’র কঠোর হুঁশিয়ারি


মোঃ রাশেদুল ইসলাম, নাটোর : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ১:০৭ অপরাহ্ন
সিংড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১৬টি এক্সকাভেটরের ব্যাটারি জব্দ: ইউএনও’র কঠোর হুঁশিয়ারি

নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষি জমির মাটি ও টপ সয়েল রক্ষায় কঠোর অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। গত দুই দিনে (২৩ ও ২৪ ফেব্রুয়ারি) উপজেলার পাঁচটি ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোট ১৬টি এক্সকাভেটরের (ভেকু) ব্যাটারি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার কলম, ইটালি, সুকাশ, চৌগ্রাম এবং রামানন্দখাজুরা ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এক শ্রেণির অসাধু মাটি ব্যবসায়ী কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে ফসলি জমির মাটি ভেকু দিয়ে কাটছে।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সাথে সংশ্লিষ্টরা সটকে পড়লেও, ঘটনাস্থলগুলো থেকে মোট ১৬টি এক্সকাভেটরের ব্যাটারি খুলে নিয়ে জব্দ করা হয়। এর মধ্যে ২৩ ফেব্রুয়ারি কিছু এবং ২৪ ফেব্রুয়ারি বাঁকি ব্যাটারিগুলো জব্দ করা হয়।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত তাঁর ফেসবুক পোস্টে জনস্বার্থে এই কঠোর অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, কৃষিজমি সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ মাটি কাটা কোনো ভাবেই বরদাশত করা হবে না। একই সাথে তিনি উপজেলার সচেতন নাগরিকদের এ বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

সিংড়ার সাধারণ কৃষকরা এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কলম ইউনিয়নের এক কৃষক বলেন, “মাটি কাটার ফলে আমাদের আবাদি জমিগুলো হুমকির মুখে পড়ছে, রাস্তাঘাটেরও ক্ষতি হচ্ছে। প্রশাসনের এই তৎপরতা আমাদের মনে আশার আলো জাগিয়েছে।”

কৃষি জমি ও বালু মহাল আইন অনুযায়ী, অনুমোদনহীনভাবে ফসলি জমির মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। এই ধরণের কর্মকাণ্ড বন্ধে সিংড়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত পরিচালিত হবে বলে জানা গেছে।

এদিকে ইউএনও ফেসবুক পোস্টে শতশত মানুষ মাটি খননের বন্ধ করাকে অভিনন্দন জানিয়েছেন।