কলাপাড়ায় নবম পে-স্কেলের দাবি না মানলে ভোট বর্জনের আল্টিমেটাম | Daily AjKaler Kontho

কলাপাড়ায় নবম পে-স্কেলের দাবি না মানলে ভোট বর্জনের আল্টিমেটাম


কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৬, ৪:৫১ অপরাহ্ন
কলাপাড়ায় নবম পে-স্কেলের দাবি না মানলে ভোট বর্জনের আল্টিমেটাম

নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। সোমবার বেলা ১১টায় পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের আয়োজনে বন্দরের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির কারণে প্রায় দুই ঘণ্টা পায়রা বন্দরের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে। এর আগেও রোববার একই দাবিতে একই সময়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পায়রা বন্দরের মেডিকেল অফিস সহায়ক তাপসী দাস, ইনল্যান্ড মাস্টার আবদুল কাদের, শেখুল আরেফিন এবং হিসাব সহকারী শফিকুল ইসলাম।

বক্তারা বলেন, গত ১৫ বছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কয়েকগুণ বৃদ্ধি পেলেও পায়রা বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সে অনুযায়ী বাড়েনি। এতে করে তারা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। দ্রুত নবম পে-স্কেলের গেজেট জারি করে তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি দাবি বাস্তবায়ন না হলে আসন্ন নির্বাচনে ভোট না দেওয়ার আল্টিমেটাম দেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।

আজকালের কন্ঠ/ আর এস/এম