ময়মনসিংহে ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সাংবাদিক সোহেল মিয়া | Daily AjKaler Kontho

ময়মনসিংহে ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সাংবাদিক সোহেল মিয়া


জামাল খান ,ময়মনসিংহ ব্যুরো : প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
ময়মনসিংহে ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সাংবাদিক সোহেল মিয়া

ময়মনসিংহে একদল সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও বানোয়াট তথ্য প্রচারের অভিযোগে বিতর্কের মুখে পড়া সাংবাদিক সোহেল মিয়া অবশেষে নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে সকল সাংবাদিকের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তাঁর এই পদক্ষেপে স্থানীয় সাংবাদিক মহলে সৃষ্টি হওয়া উত্তেজনা ও অসন্তোষ অনেকটাই প্রশমিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, সম্প্রতি সাংবাদিক সোহেল মিয়ার প্রচারিত কিছু তথ্যকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মধ্যে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, যাচাই-বাছাই ছাড়া মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে সাংবাদিক সমাজকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। এতে সাংবাদিক মহলে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।

পরবর্তীতে বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সাংবাদিক সোহেল মিয়া নিজ উদ্যোগে প্রকাশ্যে তাঁর ভুল স্বীকার করেন এবং সকল সাংবাদিকের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা জানান। ক্ষমা প্রার্থনার সময় তিনি বলেন,“ক্ষমা হলো মহত্বের লক্ষণ। ভুল মানুষেই করে, ক্ষমা করেন মহান আল্লাহ। সত্য কখনো চাপা থাকে না। মানুষ মানুষের জন্য—এই উপলব্ধি থেকেই আমি আমার ভুল স্বীকার করছি। আমার অসতর্কতার কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও সবার কাছে কৃতজ্ঞ।”

স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ তাঁর এই অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা, যেখানে সত্য, নৈতিকতা ও পেশাগত সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুল হলে তা স্বীকার করে সংশোধনের পথে আসাই একজন প্রকৃত সাংবাদিকের পরিচয়।

সাংবাদিক নেতারা আরও জানান, সোহেল মিয়ার প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা বিষয়টির একটি সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক সমাধানের পথ তৈরি করেছে। একই সঙ্গে এটি সাংবাদিক সমাজের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যে, বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচার নয়—বরং সত্য ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনই পেশাগত মর্যাদা রক্ষার প্রধান উপায়।

এদিকে স্থানীয় সাংবাদিকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে সবাই আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। তারা মিথ্যা তথ্য, গুজব ও অপপ্রচার থেকে বিরত থেকে পেশাগত ঐক্য বজায় রেখে সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চার অঙ্গীকার ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ /আর এস/জে