আগৈলঝাড়ায় স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ | Daily AjKaler Kontho

আগৈলঝাড়ায় স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


মো:আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
আগৈলঝাড়ায় স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা স্বাস্থ্য প্রশাসন। গতকাল রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীবের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শিশির কুমার গাইন, মেডিকেল অফিসার ডা. সবুজ কুমার রায়সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের বিত্তবান ও বিভিন্ন প্রতিষ্ঠানকে শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

আলোচনা শেষে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসন নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার অংশ হিসেবে এবারের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

আজকালের কন্ঠ/আর বি