Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১২, ২০২৬ , ১১:১৫ পূর্বাহ্ণ

আগৈলঝাড়ায় স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

লেখকঃ মো:আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা স্বাস্থ্য প্রশাসন। গতকাল রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীবের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শিশির কুমার গাইন, মেডিকেল অফিসার ডা. সবুজ কুমার রায়সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের বিত্তবান ও বিভিন্ন প্রতিষ্ঠানকে শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

আলোচনা শেষে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসন নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার অংশ হিসেবে এবারের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন