
মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এক আনন্দঘন কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং বিজয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ রেজা হাসান ও তাঁর সহধর্মিণী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম ও তাঁর সহধর্মিণী। এ সময় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, বিএনসিসি এবং রোভার স্কাউটের সদস্যরা মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শন করেন। পরে মহান বিজয় দিবসের তাৎপর্য, মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী পর্বে বিভিন্ন বিভাগে বিজয়ী পুলিশ সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। তাঁদের অসামান্য সাহসিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়, যা কুমিল্লা জেলা পুলিশের দক্ষতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে মুক্তিযুদ্ধভিত্তিক সঙ্গীত ও নৃত্য পরিবেশনার মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
মহান বিজয় দিবসের এই উদযাপন শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং এটি দেশের স্বাধীনতা অর্জনের সংগ্রামী চেতনাকে নতুন প্রজন্মের মাঝে আরও দৃঢ় ও প্রাণবন্ত করে তোলার এক গুরুত্বপূর্ণ প্রতীক।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :