
লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মতলবপুর গ্রামে সোমবার (৮ ডিসেম্বর) সকালে দুই মাস আগে দাফন করা সৌদি প্রবাসী মহসিন কবিরের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। হত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ এবং সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মোবারক হোসেন। মৃত মহসিন সদর উপজেলার মতলবপুর গ্রামের মাওলানা মো. নুরুল্লাহ’র ছেলে।
পরিবারের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১ ডিসেম্বর মহসিন ট্রাভেল এজেন্সিতে চাকরির উদ্দেশ্যে সৌদি আরব যান। সেখানে তার মালিক মোরশেদ আলমের সঙ্গে আর্থিক বিরোধের সূত্রপাত হয়। ১৭ আগস্ট মহসিনকে অপহরণ করা হয় এবং কয়েকদিন পর সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী তার মরদেহ উদ্ধার করে। ২ সেপ্টেম্বর মরদেহ দেশে পৌঁছালে পরিবার মনে করেন, তার মৃত্যু স্বাভাবিক ছিল না। পরে নিহতের স্ত্রী রওশন আক্তার ২২ অক্টোবর মোরশেদ আলমসহ চারজনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
প্রতিবেশী আবু সাঈদ জানান, “মহসিনকে অপহরণ ও হত্যায় মোরশেদ জড়িত। স্বাভাবিক মৃত্যুর ময়নাতদন্তের ফল আমাদের সন্দেহের জন্ম দিয়েছে।”নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ বলেন, “মামলার তদন্তের অংশ হিসেবে আদালতের নির্দেশে মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পুনরায় দাফন করা হবে।” মরদেহ সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আজকালের কন্ঠ/আর এস/জে
আপনার মতামত লিখুন :