সিংড়ায় অধ্যক্ষ আনুর ৩১ দফা লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোডাউন | Daily AjKaler Kontho

সিংড়ায় অধ্যক্ষ আনুর ৩১ দফা লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোডাউন


নাটোর প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৫, ৪:২৫ অপরাহ্ন
সিংড়ায় অধ্যক্ষ আনুর ৩১ দফা লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোডাউন

নাটোরের সিংড়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে সিংড়া বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে সিংড়া সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ মাঠ থেকে একটি বিশাল মোটরসাইকেলের বহর নিয়ে শোডাউন শুরু হয়। মোটর সাইকেলের বহরটি পৌরশহরের মাদ্রাসা মোড়, দমদমা জলারবাতা, বাসস্ট্যান্ড হয়ে নাটোর বগুড়া মহাসড়কের শেরকোল হাইটেক পার্ক এলাকা ঘুরে আবারও সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।

পরে বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শারিফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাখাওয়াত হোসেন সাখা, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান লিটন প্রমুখ।

এসময় অধ্যক্ষ আনু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দলীয় লিফলেট বিতরণ করছি। প্রান্তিক মানুষের কাছে ৩১ দফার সুফল সম্পর্কে অবগত করছি। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোটের প্রচারণা করছি।

আজকালের কন্ঠ/আর এস/আর