
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে পটুয়াখালীর দুমকিতে চার জেলেকে এক মাস ও দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১২ অক্টোবর) রাত ও সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—দুমকি উপজেলার লেবুখালী এলাকার মৃত রূপগাজীর ছেলে কাদের গাজী (৫৫) ও মৃত করিম শরীফের ছেলে মো. সবুজ শরীফ (৫০), এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কানকী গ্রামের মৃত ফজলু শিকদারের ছেলে ছালাম সিকদার (৫৬) ও সত্তার তালুকদারের ছেলে মাহবুব তালুকদার (৩৫)। এর মধ্যে প্রথম দুজনকে এক মাস এবং পরের দুজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মৎস্য বিভাগ ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে লেবুখালী ও সোমবার ভোরে আলগী এলাকায় পায়রা নদীতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কারেন্ট জাল ফেলে মা-ইলিশ শিকার করছিল তারা। অভিযান চালিয়ে চারজনকেই হাতেনাতে আটক করা হয়।
এ সময় তাদের ব্যবহৃত দুটি নৌকা ও কারেন্ট জাল জব্দ করে মৎস্য বিভাগের কর্মকর্তারা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে এবং নৌকা ভেঙে ধ্বংস করা হয়।
সোমবার দুপুরে আটক চার জেলেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “দণ্ডপ্রাপ্ত জেলেদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পটুয়াখালী জেলা কারাগারে প্রেরণের ব্যবস্থা চলছে।”
আজকালের কন্ঠ / রাজিবুল / এম
আপনার মতামত লিখুন :