লক্ষ্মীপুরে মাদকাসক্ত বাবার হাতে কন্যাশিশু খুন | Daily AjKaler Kontho

লক্ষ্মীপুরে মাদকাসক্ত বাবার হাতে কন্যাশিশু খুন


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৫, ২:১৭ অপরাহ্ন
লক্ষ্মীপুরে মাদকাসক্ত বাবার হাতে কন্যাশিশু খুন

লক্ষ্মীপুরে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। মাদকাসক্ত বাবার দায়ের কোপে প্রাণ হারিয়েছে মাত্র পাঁচ বছরের এক শিশু কন্যা। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম ফারিহা সুলতানা। তার বাবা ফারুক হোসেন, স্থানীয় কাদের মাঝির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ফারুক পারিবারিক কলহে জড়িয়ে পড়তেন প্রায়ই। সোমবার সন্ধ্যায় হঠাৎ ক্ষিপ্ত হয়ে তিনি নিজের কন্যা ফারিহাকে ধারালো দা দিয়ে কোপ দেন। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে ফারুককে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ রাত ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ফারুককে আটক করে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার পরপরই অভিযুক্ত ফারুককে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত অবস্থায় সে এই নৃশংস কাজটি করেছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এমন নির্মম হত্যাকাণ্ডে স্থানীয়রা গভীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন।

আজকালের কন্ঠ/আর বি/জে