নওগাঁয় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছুরিকাঘাতে আহত | Daily AjKaler Kontho

নওগাঁয় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছুরিকাঘাতে আহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
নওগাঁয় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছুরিকাঘাতে আহত

মোঃ আরাফাত আলী : নওগাঁ সদর উপজেলার চকরামচন্দ্র এলাকায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য (সার্জেন্ট অবঃ মোঃ মাসুদ রানা) কে ছুরিকাঘাত করে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসার সামনে বৃষ্টির পানি জমা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে পূর্বের বিরোধকে কেন্দ্র করে দুর্বৃত্তরা মাসুদ রানার স্ত্রী মোছাঃ সাদিকা আক্তারকে মারধর করে। এসময় তার স্বামীকে হত্যার উদ্দেশ্যে পেটে ছুরি চালানো হলে তিনি সামান্য সরে যাওয়ায় আঘাত বাম রানে লাগে। এতে প্রায় দেড় ইঞ্চি গভীর জখম হয়। পরে স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মাসুদ রানাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা তার ক্ষতস্থানে তিনটি সেলাই দেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় স্থানীয় যুবক মোঃ জুয়েল (২৭) ও মিথুন (৫০)সহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। স্থানীয়রা জানান, আসামি জুয়েল এলাকায় একাধিকবার বিবাদে জড়িয়েছে এবং তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

ঘটনার বিষয়ে আসামি জুয়েল স্বীকার করে বলেন, “মাসুদ রানা আমার মা–বাবাকে গালিগালাজ করায় আমি সহ্য করতে না পেরে ছুরি মেরেছি।” তবে অপর আসামি মিথুন দাবি করেন, তিনি মারামারি শেষে ঘটনাস্থলে যান।

বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা, নওগাঁ জেলা শাখার সদস্য সচিব মোঃ খোরশেদ আলম অভিযোগ করেন, “ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনো আসামি গ্রেপ্তার হয়নি। দ্রুত আসামিদের গ্রেপ্তার না করা হলে নওগাঁসহ সারা দেশের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা আন্দোলনে নামতে বাধ্য হবেন।”

এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূরে আলম সিদ্দিকী জানান, “বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আজকালের কন্ঠ/বি/এ