এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের | Daily AjKaler Kontho

এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৫, ৬:০৯ অপরাহ্ন
এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে তাদের ঘিরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার ঘটনায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার বিকাল ৪টা ৪৫ মিনিট থেকে ৫টা ১০ পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সিরাজুল ইসলাম বলেন, “আ.লীগ গোপালগঞ্জকে তাদের পূনর্বাসনের জায়গা হিসেবে তৈরি করার পায়তারা করছে। তাদের প্রতিহত করার জন্য সারা বাংলাদেশ থেকে কর্মসূচি আসছে। আমরা এর মাধ্যমে জানান দিতে চাই নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো ঠাঁই বাংলার জমিনে নেই।”

বরিশাল মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, “গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় পতিত স্বৈরাচারের দোসরের দ্বারা আক্রান্ত হয়েছে। সেই প্রতিবাদেই আমরা আজকে মহাসড়ক অবরোধ করেছি। জুলাই যোদ্ধাদের সরকার যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে সরকার পদত্যাগ করার দাবি জানান তিনি।”

আজকালের কন্ঠ/রাহাত/আব্দুল্লাহ