গৌরনদীতে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে এনা পরিবহন আহত ১০ | Daily AjKaler Kontho

গৌরনদীতে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে এনা পরিবহন আহত ১০


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৫, ২০২৫, ৮:১২ অপরাহ্ন
গৌরনদীতে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে এনা পরিবহন আহত ১০

এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল)প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর-বামরাইল সড়কপথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে একটি এনা পরিবহন বাস। বুধবার (২৫ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনায় অন্তত ১০ যাত্রী আহত হন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা এনা পরিবহন একটি গোল্ডেন লাইন পরিবহনকে দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ও গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহন খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ জন আহত হন। দুর্ঘটনাস্থলে যানজটের সৃষ্টি হলেও বাসটি উদ্ধার করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা হয়েছে।”

এদিকে দুর্ঘটনাকবলিত এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, মহাসড়কে বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, অথচ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেই।

আজকালের কন্ঠ/রাহাত/মামুন