
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : ঈদুল আযহার সরকারি ছুটি শেষ হতে আর মাত্র দুইদিন বাকি। তাই প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে এবার কর্মস্থলের পথে ফিরতে শুরু করেছেন কুয়াকাটা সহ পটুয়াখালী জেলার হাজারো মানুষ। ‘নারীর টানে’ বাড়ি ফেরা এসব মানুষকে এখন টানছে রুটিন জীবনের দায়-দায়িত্ব।
বুধবার রাত থেকেই কর্মস্থলমুখী মানুষের ভিড় বাড়তে থাকে। বৃহস্পতিবার সকাল থেকে তা আরও তীব্র হয়ে ওঠে। জেলার প্রধান প্রধান বাস টার্মিনাল—পটুয়াখালী সদর, কলাপাড়া, বাউফল, গলাচিপা, মির্জাগঞ্জ, দশমিনা, দুমকি, রাঙ্গাবালী এবং আমখোলায় দেখা যায় কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড়।
টিকিট কাউন্টারগুলোতে ঢাকাগামী যাত্রীদের দীর্ঘ সারি, বাসে ওঠার প্রতিযোগিতা, প্রিয়জনকে বিদায়ের আবেগময় দৃশ্য, সব মিলিয়ে উৎসব শেষে নতুন এক কর্মযাত্রার ব্যস্ত চিত্র দেখা গেছে পুরো জেলায়।
জেলার ৯টি বাস টার্মিনাল থেকে প্রতিদিন গড়ে ২০০-র বেশি দূরপাল্লার বাস ছাড়ছে ঢাকার উদ্দেশ্যে। পরিবহন মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১২ থেকে ১৪ জুন পর্যন্ত বেশির ভাগ বাসের অগ্রিম টিকিট বিক্রি শেষ। যাত্রীচাপ সামলাতে অতিরিক্ত কিছু বাস সংযোজন করা হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।
তবে এবার ঈদের ফিরতি যাত্রায় যাত্রীদের অভিযোগ খুব একটা নেই। বিশেষ করে ভাড়া নিয়ে তেমন কোনো অসন্তোষ পাওয়া যায়নি। অনেক যাত্রীই জানিয়েছেন, অতীতে অতিরিক্ত ভাড়ার অভিযোগ থাকলেও এবার পরিবহন কর্তৃপক্ষ ও প্রশাসনের সমন্বয়ে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে আন্তঃজেলা বাসেও যাত্রীদের চাপ কম নয়। পটুয়াখালী থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যেও যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।
ঈদের ছুটির আনন্দ শেষ হলেও জীবিকার তাগিদে আবারও কর্মস্থলে ফেরার এই চেনা চিত্র যেন প্রতিবারই বাঙালির জীবনের এক বাস্তব অধ্যায়। প্রিয়জনদের রেখে যাওয়ার বেদনা থাকলেও নতুন উদ্যমে কাজে ফেরার প্রস্তুতিতে মিশে আছে একরাশ আশা ও দায়িত্ববোধ।
আপনার মতামত লিখুন :