ঈদযাত্রায় উপকূলজুড়ে কোস্ট গার্ডের কঠোর নজরদারি | Daily AjKaler Kontho

ঈদযাত্রায় উপকূলজুড়ে কোস্ট গার্ডের কঠোর নজরদারি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৪, ২০২৫, ৩:৩৮ অপরাহ্ন
ঈদযাত্রায় উপকূলজুড়ে কোস্ট গার্ডের কঠোর নজরদারি

মোংলা প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা সামনে রেখে উপকূলীয় নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। যাত্রা পথে যাতে কোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড না ঘটে, সে লক্ষ্যে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।

বুধবার (৪ জুন) সকাল ১০টায় মোংলা খেয়াঘাটে অভিযান চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিজিএস স্বাধীন বাংলার নেভিগেশন কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ। তিনি জানান, “ঈদ উপলক্ষে নৌপথে যাত্রী ও মালামাল পরিবহনের চাপ বাড়ে। এ সুযোগকে কেউ যেন অপব্যবহার করতে না পারে, সে জন্য আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূলীয় নিরাপত্তায় কাজ করে আসছে কোস্ট গার্ড। ঈদকে কেন্দ্র করে খুলনার রূপসা, কয়রা, নলিয়ান, বাগেরহাটের মোংলা ও সরণখোলা এবং সাতক্ষীরার কৈখালীসহ গুরুত্বপূর্ণ লঞ্চ ও ফেরিঘাটগুলোতে বিশেষ টহল দেওয়া হচ্ছে। চলছে সন্দেহভাজন ব্যক্তি ও নৌযানের ওপর নজরদারি, তল্লাশি, ব্যাগ স্ক্যানিং, জনসচেতনতামূলক মাইকিং এবং লিফলেট বিতরণ।

লেফটেন্যান্ট খালিদ আরও জানান, “ঈদের আগাম প্রস্তুতির অংশ হিসেবে আমরা রাতদিন ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছি। ঈদের পর যাত্রীচাপ সামাল দিতেও এই তৎপরতা অব্যাহত থাকবে।তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কোস্ট গার্ডের সক্রিয় উপস্থিতির মাধ্যমে যাত্রীদের নৌযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।