
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নৌবাহিনীর এ-২০২৫ ব্যাচের ৪৬৩ নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) সকালে বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
নৌবাহিনীর এ-২০২৫ ব্যাচের মধ্যে পেশাগত ও সব ক্ষেত্রে সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করে নৌপ্রধান পদক লাভ করেন মো. গালিব আল মাহাদী অর্ণব। ‘কমখুল’ পদক অর্জন করেন মো. হাসিব হোসেন এবং ‘শের-ই-বাংলা’ পদক লাভ করেন মো. নাঈম গাজী।
প্রধান অতিথি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের অবদানের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন, তাদের মহান ত্যাগের মাধ্যমেই দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অটুট রয়েছে।
নবীন নাবিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় তোমাদের দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। ত্রিমাত্রিক নৌবাহিনীর অগ্রযাত্রায় সকলে মিলে নিরলস প্রচেষ্টা, পেশাগত উৎকর্ষতা এবং অকৃত্রিম দেশপ্রেমের মাধ্যমে ভূমিকা রাখতে হবে।”
তিনি আশা প্রকাশ করেন, এই ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে নবীন নাবিকরা ভবিষ্যতে পেশাগত দক্ষতা ও উৎকর্ষতা অর্জন করবে। পাশাপাশি, সাম্প্রতিক সময়ে ইন-এইড-টু সিভিল পাওয়ার-এর আওতায় দেশের আইন-শৃঙ্খলা রক্ষায়, জনগণের জানমাল এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সুরক্ষায় নৌবাহিনীর ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
প্রধান অতিথি নবীন নাবিকদের উদ্দেশ্যে বলেন, “আজকের এই কুচকাওয়াজের মধ্য দিয়ে তোমরা বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত সদস্য হিসেবে আত্মপ্রকাশ করলে। দেশমাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তোমাদের নিষ্ঠা ও সাহসিকতার মাধ্যমে নৌবাহিনীকে বিশ্ব দরবারে আরও গৌরবময় আসনে প্রতিষ্ঠিত করতে হবে।”
অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :