কলাপাড়ায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে রাখাইনদের গুরুদক্ষিণা উৎসব উদযাপন | Daily AjKaler Kontho

কলাপাড়ায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে রাখাইনদের গুরুদক্ষিণা উৎসব উদযাপন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৩, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন
কলাপাড়ায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে রাখাইনদের গুরুদক্ষিণা উৎসব উদযাপন

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ‘গুরুদক্ষিণা’ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। শুক্রবার সকালে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলতলী গ্রামের শ্রী শ্রী তুলতলী বনবিহারে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

উৎসবের শুরুতে রাখাইন সম্প্রদায়ের নারী-পুরুষ উপাসক-উপাসিকারা বিহারে এসে পঞ্চশীল গ্রহণ করেন। এরপর অনুষ্ঠিত হয় গুরুদক্ষিণা প্রদান পর্ব, যেখানে পটুয়াখালী ও বরগুনা জেলার সর্বজন শ্রদ্ধেয় ও বয়োজ্যেষ্ঠ সঙ্গরাজ ভান্তে উইকুইনন্দা মহাথের মহোদয়কে দান-দক্ষিণা প্রদান করা হয়। পরে তিনি উপস্থিতদের উদ্দেশ্যে আশীর্বাদ বাণী প্রদান করেন।

উৎসবে অংশ নেওয়া রাখাইনরা একে অপরের কাছে অতীতের ভুলভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার প্রতিশ্রুতি দেন। দিনব্যাপী চলে আহার প্রদান, ধর্মীয় আলোচনা ও সমবেত প্রার্থনার মতো নানা অনুষ্ঠান। উৎসবস্থলে ছিল এক ধর্মীয় ও সামাজিক সৌহার্দ্যের পরিবেশ।

উৎসবটি উপলক্ষে তুলতলী গ্রামে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। আশপাশের উপজেলা থেকে রাখাইন সম্প্রদায়ের মানুষজনও অংশগ্রহণ করেন এ ধর্মীয় অনুষ্ঠানে।

কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভিক্ষু ইন্দ্র বংশ বলেন, “আমরা কর্মজীবনে অনেক সময় অনিচ্ছাকৃত ভুল করি। গুরুদক্ষিণা উৎসবে এসে আমরা সিনিয়র ভিক্ষুদের কাছে ক্ষমা চাই, যেন সেই ভুল থেকে মুক্তি পেয়ে শুদ্ধ মন ও কর্মে ভবিষ্যৎ জীবন পরিচালিত করতে পারি।”

প্রতিবছর বর্ষাবাস শুরুর আগে গুরুদক্ষিণা উৎসবটি রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় জীবনে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে। উৎসবটি শুধুমাত্র ধর্মীয় আনুষ্ঠানিকতাই নয়, বরং সামাজিক বন্ধন সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবেও বিবেচিত হচ্ছে।