উলিপুরে সপ্তাহব্যাপী ২৯তম বইমেলার উদ্বোধন | Daily AjKaler Kontho

উলিপুরে সপ্তাহব্যাপী ২৯তম বইমেলার উদ্বোধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২৫, ৪:১৯ অপরাহ্ন
উলিপুরে সপ্তাহব্যাপী ২৯তম বইমেলার উদ্বোধন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : উলিপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সপ্তাহব্যাপী ২৯তম উলিপুর বইমেলার উদ্বোধন হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস্ ফেয়ারের আয়োজনে অনুষ্ঠিত এ বইমেলা বাংলাদেশের উপজেলা পর্যায়ে প্রথম বইমেলা হিসেবে স্বীকৃত।

গত শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উলিপুর শহীদ মিনার চত্বরে ভার্চুয়ালি এ মেলার শুভ উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও কলাম লেখক, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন। তিনি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার সূচনা করেন।

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রেন্ডস্ ফেয়ারের স্থায়ী পরিষদ সদস্য রেজওয়ানুল করিম লালনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন সংগঠনের সদস্য তানজিয়া সরদার ও সাদিয়া ইসলাম রাইসা। আলোচনায় অংশ নেন এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা শামীম আখতার আমিন, দৈনিক প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি জাহানুর রহমান খোকন, ফ্রেন্ডস্ ফেয়ারের প্রতিষ্ঠাতা সভাপতি জুলফিকার আলী সেনা, রফিকুল ইসলাম আনসারি প্রমুখ।

প্রধান অতিথি সোহরাব হোসেন তার বক্তব্যে বলেন, “উলিপুরের এ বইমেলা সারা দেশ ও বিশ্বে আনন্দ ছড়িয়ে দিক। বই মানুষকে আলোকিত করে এবং সমাজকে এগিয়ে নেয়। বইমেলা অতীতকে বর্তমানের সাথে যুক্ত করে এবং বড় বড় মানুষের চিন্তা-চেতনা জানার সুযোগ করে দেয়।”

তিনি শিক্ষার্থীদের বিভিন্ন মনীষীর জীবনী পড়ার আহ্বান জানান এবং অভিভাবকদের বই কিনে দেয়ার দায়িত্ব নেয়ার পরামর্শ দেন। তিনি আরও বলেন, “বই পড়লে সমাজে হানাহানি কমবে, দেশ আলোকিত হবে। প্রতি বছর বইমেলার আয়োজন করে বইয়ের কদর বাড়াতে হবে।”

জানা গেছে, সপ্তাহব্যাপী এ বইমেলা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মেলায় ১৮টি স্টল সাজানো হয়েছে, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় গ্রন্থাগার ও লাইব্রেরি অংশ নিয়েছে। বইমেলায় অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের বইয়ের পাশাপাশি লেখক ও প্রকাশকদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ পাচ্ছেন।