অসুস্থ শরীরেও চুটিয়ে শুটিং করছেন অনামিকা | Daily AjKaler Kontho

অসুস্থ শরীরেও চুটিয়ে শুটিং করছেন অনামিকা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
অসুস্থ শরীরেও চুটিয়ে শুটিং করছেন অনামিকা

বিনোদন ডেস্ক : ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা, আজও তিনি দাপিয়ে চলেন তার অভিনয়ের দক্ষতায়। কখনো মা, কখনো শাশুড়ি। টালিউড পাড়ার সুপারস্টারদের সঙ্গে পাল্লা দিয়ে বরাবরই সকলের নজর কেড়েছেন অভিনেত্রী অনামিকা সাহা।

৬৮-তে পা দেওয়ার পর আজও এই অভিনেত্রীর কাজের প্রতি ডেডিকেশন অনেককে হার মানায়। আর দিনকয়েক পরেই হাসপাতালে ভর্তি হতে হবে অভিনেত্রীকে। অস্ত্রোপচার হবে তার। তাতে ভ্রূক্ষেপ নেই বিন্দুমাত্র। রীতিমতো শুটিং চালিয়ে যাচ্ছেন অনামিকা সাহা।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী। অস্ত্রোপচারের কথা শুনেই একগাল হাসি দিয়ে বললেন, ‘হ্যাঁ, ওই আর কী। গলব্লাডারে স্টোন ধরা পড়েছে। ৫ তারিখ হবে অপারেশনটা। এমনিতে আমি ভালোই আছি। চিন্তা করবেন না। ডাক্তাররা তো বলেছেন, ভালো হয়ে যাব। দিব্যি ফিট হয়ে কাজ করব।’

অস্ত্রোপচার নিয়ে এতটুকুও ভাবিত নন তিনি। চলছে শুটিং, তেমনই আবার নানা অনুষ্ঠানও। বললেন, ‘কথা দিয়েছি। তাই যেতে তো হবেই’।বরাবরই শরীরের অসুবিধাকে উপেক্ষা করেই কাজ করায় তিনি অভ্যস্ত। তাই শরীরে এসব সয়ে গিয়েছে বলেই মনে করেন অভিনেত্রী।

শোনা যাচ্ছে, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রযোজনা সংস্থা উইনডোজ-এর ‘বড়দিন’-এর সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এ দেখা যেতে পারে অভিনেত্রীকে। অন্যদিকে, মানসী সিনহার ‘আয়না মানুষ’-এও দেখা যাবে তাকে। সবমিলিয়ে একেবারে জমজমাট সিনেমার তালিকা বলা চলে।

তবে এই বয়সেও এতটা কাজ করার অদম্য ইচ্ছে, ক্ষমতা পাওয়ায় তিনি ধন্যবাদ জানিয়েছেন সমস্ত দর্শককে। তাই এই অপারেশনে বিন্দুমাত্র ভয় নেই তার। অনামিকার কথায়, ‘ডাক্তার তো বলেইছেন মাইক্রো সার্জারি হবে। তাই কোনো ভয় পাচ্ছি না।’