অপহরণের ৩৯ ঘন্টা পরও উদ্ধার হয়নি ব্যবসায়ী শিবু বনিক | Daily AjKaler Kontho

অপহরণের ৩৯ ঘন্টা পরও উদ্ধার হয়নি ব্যবসায়ী শিবু বনিক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৫, ২:১১ অপরাহ্ন
অপহরণের ৩৯ ঘন্টা পরও উদ্ধার হয়নি ব্যবসায়ী শিবু বনিক

সঞ্জয় দেবনাথ সিনিয়র রিপোর্টার : অপহরনের ৩৯ঘন্টা অতিবাহিত হওয়ার পরও উদ্ধার হয়নি ডাকাতদল কতৃক অপহৃত পটুয়াখালীর বাউফল উপজেলার বাণিজ্যকেন্দ্র কালাইয়া বন্দরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী শিবু বণিক (৬৮)।প্রশাসনের উদ্ধার তৎপরতায় অসন্তুষ্ট প্রকাশ করে পর্যায়ক্রমে বিক্ষোভ করে আসছে ব্যবসায়ী বৃন্দ, এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন। সবার একটাই দাবি অনতিবিলম্বে ব্যবসায়ী শিবো বণিককে অক্ষত অবস্থায় উদ্ধার করতে হবে।উদ্ধার অভিযান বিলম্বিত হলে আগামী দিনে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এলাকাবাসী ও ব্যবসায়ী বৃন্দ।

গত শুক্রবার ( ৩ জানুয়ারি ) রাত সোয়া ১০টার দিকে শিবু বনিকের ব্যবসা প্রতিষ্ঠানে ৮-১০ জনের একটি ডাকাত দল হানা দেয়। এসময় ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ব্যবসায়ী শিবুকে তুলে নিয়ে যায়।

ঘটনার পর বাউফল থানা পুলিশের একটি টিম ব্যবসায়ী শিবু বণিককে উদ্ধার অভিযানে নেমেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত সোয়া ১০ টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকায় ব্যবসায়ী শিবু বণিক তার দুই কর্মচারীকে নিয়ে দিনের হিসাব নিকাশ করছিলেন। এ সময় মুখোশধারী একটি ডাকাতদল তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। এরপর ডাকাত দল দোকানের ক্যাশ থেকে প্রায় ৫ লাখ টাকা লুট করে নেয়। পরে ব্যবসায়ী শিবুকে পেছনের দরজা দিয়ে বের করে ইঞ্জিন চালিত ট্রলারে তুলে তেঁতুলিয়া নদীর দিকে নিয়ে যায়। এ ঘটনার পর কালাইয়া বন্দরের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ করেন। এবং তারা বলেন তাকে না পাওয়া পর্যন্ত তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখবেন।

বাউফল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন ঘটনার স্থান তদন্ত করে জানান, ব্যবসায়ী শিবু বণিককে উদ্ধার অভিযানে নেমেছে পুলিশের একাধিক টিম।আমরা আশা করছি অনতিবিলম্বে ব্যবসায়ী শিবো বণিককে উদ্ধার করতে সচেষ্ট হব।