বিস্ফোরক মামলায় খালাস পেলেন তারেক রহমান | Daily AjKaler Kontho

বিস্ফোরক মামলায় খালাস পেলেন তারেক রহমান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৪, ৫:০৫ অপরাহ্ন
বিস্ফোরক মামলায় খালাস পেলেন তারেক রহমান

আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের দায়ের করা একটি বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৩২ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

আজ রোববার (২৪ নভেম্বর) জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-৩ গাজীপুরের বিচারক মো. বাহউদ্দিন কাজী দীর্ঘ শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার তৎকালীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ি আওতাধীন মনিপুরের খাসপাড়া এলাকায় ২০১৫ সালের জানুয়ারি মাসে একটি পার্কিং করা বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘোষণায় ওই এলাকার মোতালেব মেম্বারকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০ থেকে ৪৫ জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা (বিস্ফোরক) আইনে জয়দেবপুর থানা পুলিশ এস আই দিলীপ চন্দ্র সরকার বাদী হয়ে ১০১(১)১৫ নম্বর মামলাটি দায়ের করেন।

পরে একই বছরের আগস্টে এস আই এমদাদুল হক তদন্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক মেয়র ও প্রতিমন্ত্রী মৃত অধ্যাপক এমএ মান্নানের ছেলে মনজুরুল করিম রনিকে সংযুক্ত করে ৩২ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করলে আদালত তা গ্রহণ করেন। মামলাটি দীর্ঘ শুনানি শেষে মিথ্যা প্রমাণিত হওয়ায় আজ রোববার আসামিদের ওই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।