টেকনাফে লবণ বোঝাই ট্রাক থেকে ইয়াবা জব্দ: আটক ২ | Daily AjKaler Kontho

টেকনাফে লবণ বোঝাই ট্রাক থেকে ইয়াবা জব্দ: আটক ২


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৪, ১১:২৫ অপরাহ্ন
টেকনাফে লবণ বোঝাই ট্রাক থেকে ইয়াবা জব্দ: আটক ২

ফারুকুর রাহমান, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে লবণ ভর্তি ট্রাকে অভিযান পরিচালনা করে ৩২ হাজার পিস ইয়াবা সহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়নের মৃত কালা মিয়ার ছেলে দিলদার মিয়া(৪৫) ও হেলপার চট্টগ্রামের পটিয়া মৌলভি হাট এলাকার মো. বদিউল আলমের ছেলে তহিদুল আলম (২৩)।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে টেকনাফের সাবরাং- শাহপরীর দ্বীপ সড়কে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন; টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং- শাহপরীর দ্বীপ সড়কে একটি লবণ ভর্তি ট্রাকে ইয়াবার একটি চালান নিয়ে টেকনাফের দিকে যাওয়ার পথে পুলিশের একটিদল সাবরাং ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার উপর উক্ত ট্রাকে অভিযান পরিচালনা করে তল্লাশি করলে ট্রাকে থাকা লবণে সাদা বস্তায় ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় মাদক পাচারের সাথে জড়িত চালক ও হেলপারকে আটক করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে আটককৃত চালক ও হেলপার জানান টেকনাফের সাবরাং ডেগিল্যার বিল এলাকার বাসিন্দার দুবাই কালুর ছেলে হোসন আহমদ মাদকের চালান লবণের ট্রাকে করে চট্টগ্রামসহ বিভিন্ন শহরে পাচার করে আসছে।

আটককৃত চালক ও হেলপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।