নির্বিচারে জীববৈচিত্র্য ধ্বংস বন্ধ করতে হবে: সাবের হোসেন | Daily AjKaler Kontho

নির্বিচারে জীববৈচিত্র্য ধ্বংস বন্ধ করতে হবে: সাবের হোসেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৪, ৯:২৬ পূর্বাহ্ন
নির্বিচারে জীববৈচিত্র্য ধ্বংস বন্ধ করতে হবে: সাবের হোসেন

আজকালের কন্ঠ ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পৃথিবীতে সবচেয়ে বড় চলমান যুদ্ধ হচ্ছে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ, যেটা অবিলম্বে বন্ধ করতে হবে।

তিনি বলেন, মানুষ প্রকৃতির অংশ, তাই নিজেদের অস্তিত্বের জন্য নির্বিচারে প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংস অবশ্যই বন্ধ করতে হবে। এ সময় তিনি প্লাস্টিক দূষণ রোধে সবাইকে কাজ করার আহ্বান জানান।

গতকাল শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় গুলশান ক্লাবে আয়োজিত রোটারি ক্লাব অব ঢাকা পাথফাইন্ডারস ২০২৪-২০২৫ বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, সবাই একটা সবুজ পরিবেশ আর সুস্বাস্থ্যের ভবিষ্যতের কথা বলছি, কিন্তু সেটা শুধু সরকারের একার পক্ষে সম্ভব হবে না। বরং সমাজের সবাইকে এগিয়ে এসে সুনির্দিষ্ট লক্ষ্যে কাজ করতে হবে।

মন্ত্রী ক্লাবের সদস্যদের বলেন, পরিবেশ ও জলবায়ুর স্থিতিশীলতা রক্ষায় রোটারিয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে ২০২৪-২৫ রোটারি বছরের জন্য ক্লাবটির নবনির্বাচিত ব্যবস্থাপনা পর্ষদকে শপথ পাঠ করান ক্লাবের বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান তাবাসসুম হোসেন। এ সময় রোটারি সদস্যরা উপস্থিত ছিলেন।