উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে | Daily AjKaler Kontho

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১, ২০২৪, ৩:৩৮ অপরাহ্ন
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে

আজকালের কন্ঠ ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

শনিবার (১ জুন) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত প্রায় এক ঘন্টার অগ্নিকাণ্ডে ক্যাম্প ১৩-এর বি ব্লকে দুই শতাধিক ঘর পুড়ে গেছে বলে জানান উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসাইন।

তবে আগুনের সূত্রপাত এখনো স্পষ্ট নয় বলে জানান তিনি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা জানান, ক্যাম্পে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৪টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এর আগেই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে নিয়ে আসে উখিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

গতকাল শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে একই ক্যাম্পের ডি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। ততক্ষণে ওই ক্যাম্পের ৩ শতাধিক শেড পুড়ে ছাই হয়ে গেছে।