নেত্রকোনার কলমাকান্দায় প্রচারনার শেষদিনে পেলেন প্রতীক বরাদ্দ | Daily AjKaler Kontho

নেত্রকোনার কলমাকান্দায় প্রচারনার শেষদিনে পেলেন প্রতীক বরাদ্দ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৭, ২০২৪, ২:৫৬ অপরাহ্ন
নেত্রকোনার কলমাকান্দায় প্রচারনার শেষদিনে পেলেন প্রতীক বরাদ্দ

নেত্রকোনা, জেলা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণার শেষ দিন প্রতীক বরাদ্দ পেলেন এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী।

সোমবার (৬ মে) তিনি প্রতীক বরাদ্দ পেয়েছেন।

ওই প্রার্থীর নাম জাহানারা খানম। তিনি হাঁস প্রতীক পেয়েছেন।

প্রথম ধাপে কলমাকান্দায় আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে

সোমবারই নির্বাচনী প্রচারণার শেষ দিন ছিল। ফলে আর কোনো প্রচারণা চালাতে পারেননি এই প্রার্থী। ছাপাতে পারেননি কোনো পোস্টার। এ নিয়ে হতাশ জাহানারা খানম।

কলমাকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হাসান আজাদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তবে ওই দিন সার্ভার জটিলতার কারণে তিনি মনোনয়নপত্র জমা দিতে পারেননি। এ নিয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হন জাহানারা। এরপর আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পান তিনি। গত রোববার রাতে নির্বাচন কমিশন জাহানারাকে হাঁস প্রতীক বরাদ্দ দেয়।

প্রার্থী জাহানারা খানম বলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সোমবার প্রতীক বরাদ্দের বিষয়টি জানিয়েছেন। আদালতের রায়ে শেষ বেলায় প্রার্থিতা ফিরে পেলাম। এখন প্রচারণারও সময় নেই। পোস্টারও ছাপানো হলো না।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হাসান আজাদ বলেন, রোববার রাতে জাহানারা খানমকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকালে এ বিষয়টি তাকে জানানো হয়েছে। এর আগে সার্ভার জটিলতায় তিনি মনোনয়নপত্র যথা সময়ে দাখিল করতে পারেননি। পরে আদালতের দারস্থ হয়েছিলেন। আদালতের রায়ে তিনি প্রার্থীতা ফিরে পেয়েছেন এবং তাকে হাঁস প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হাসান আজাদ সোমবার (৬ মে)

প্রতীক বরাদ্দের বিষয়টি প্রার্থী জাহানারাকে জানান। তবে এ দিন নির্বাচনী প্রচার-প্রচারণার শেষ দিন ছিল। তাই জাহানারা খানম আর প্রচারণা চালাতে পারেননি।

আজকালের কন্ঠ/পৃথা