বাগেরহাটের মোরেলগঞ্জে মুরগির ঘর থেকে ৭ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার | Daily AjKaler Kontho

বাগেরহাটের মোরেলগঞ্জে মুরগির ঘর থেকে ৭ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৩, ২০২৪, ৫:৩৬ অপরাহ্ন
বাগেরহাটের মোরেলগঞ্জে মুরগির ঘর থেকে ৭ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে মুরগির ঘর থেকে ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ মে) সকালে ভিলেজ টাইগার রেসপন্সটিম নিশানবাড়িয়া ইউনিয়নের পিসি বরইখালী গ্রামের মোঃ মহসিন হাওলাদারের মুরগির ঘর থেকে সাপটি উদ্ধার করেন। নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম অজগর সাপ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গৃহ কর্তা মো. মহসিন হাওলাদার জানান, সকালে মুরগির অপ্রত্যাশিত ডাকা ডাকিতে গুম ভাঙ্গে। মুরগির ঘরের কাছে যেতেই দেখি ঘরের মধ্যে বিশাল এক অজগর। সংবাদ পেয়ে ভিলেজ টাইগার রেসপন্সটিম এর টিম লিডার মো. বারেক হাওলাদার এসে অজগরটি উদ্ধার করেণ।

ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম জানান, বর্তমানে তীব্র তাপদাহ ও খাদ্য সংকটের কারনে সুন্দরবন থেকে বন্য প্রানী প্রায়ই লোকালয়ে প্রবেশ করছে। তাই সুন্দরবন সংলগ্ন গ্রামবাসিকে তিনি সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন। শুক্রবার বেলা ১২ টার দিকে সাপটিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেষ্ট অফিসে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভিলেজ টাইগার রেসপন্সটিম এর টিম লিডার মো. বারেক হাওলাদার, নাছির তালুকদার ইউপি সদস্য মো. খলিল জোমাদ্দার, গ্রামপুলিশ বেলায়েত হাওলাদার।

এ বিষয়ে ধানসাগর ফরেষ্ট অফিসের ইনচার্জ মো. আব্দুল বাসেত বলেন, অজগর সাপটি ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে আমরা গ্রহন করে গুলিশাখালী টহল ফাড়ির সুন্দরবনে অবমুক্ত করি।