দেশে সেলিব্রিটিদের মধ্যে প্রথম মোবাইল ব্যবহার করেন সালমান শাহ | Daily AjKaler Kontho

দেশে সেলিব্রিটিদের মধ্যে প্রথম মোবাইল ব্যবহার করেন সালমান শাহ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১, ২০২৪, ১:৩০ অপরাহ্ন
দেশে সেলিব্রিটিদের মধ্যে প্রথম মোবাইল ব্যবহার করেন সালমান শাহ

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার ফ্যাশন আইকন বলা হয় প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে। আজও তার স্টাইলকে অনুকরণ করে সবাই। শুধু ঢালিউড নয়, বলিউডেও তার ফ্যাশন আইডিয়াকে ফলো করেন অনেকেই।

নব্বই দশকের হাল ফ্যাশনে সবার চেয়ে অনেক বেশি এগিয়ে থাকতেন সালমান শাহ। চলচ্চিত্রে ফ্যাশন বিষয়টিকে প্রতিষ্ঠিত করেছেন তিনিই। যেমন ফ্যাশনেবল গাড়ি, মোটরসাইকেল ব্যবহার করতেন সালমান শাহ। এমনকি এফডিসিতে তিনিই সবার আগে মোবাইল ফোন ব্যবহার শুরু করেন।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমে সালমান শাহর মৃত্যুর এত বছর পর বিষয়টি জানালেন নির্মাতা জাকির হোসেন রাজু। তিনি নির্মাণ করেছিলেন সালমান শাহকে অভিনীত সিনেমা ‘জীবন সংসার’। আর এই সিনেমা শেষ হ ওয়ার পরপরই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান সালমান শাহ।

নির্মাতা রাজু বলেন, শোবিজ তারকাদের মধ্যে প্রথম মোবাইল ফোন ব্যবহার করেন সালমান শাহ। ‘জীবন সংসার’ শুটিংয়ের সময় মোবাইল ফোন নিয়ে আসতেন তিনি। তখন চলচ্চিত্র জগতের আর কারও হাতেই মোবাইল ফোন ছিল না ।

জানা গেছে, ১৯৯৩ সালের এপ্রিল থেকে শুরু হয় বাংলাদেশে মোবাইল ফোনের বাণিজ্যিক যাত্রা। সিটিসেল ব্র্যান্ডই প্রথম প্রথম মোবাইল ফোন নিয়ে আসে। সেসময় চড়া মূল্য ও সীমিত নেটওয়ার্কের কারণে ঢাকা ও চট্টগ্রামের অল্প মানুষই এই ফোন ব্যবহার করতেন।