ঝালকাঠিতে নদীতে গোসলে নেমে নিখোঁজ, ৮ দিন পর মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

ঝালকাঠিতে নদীতে গোসলে নেমে নিখোঁজ, ৮ দিন পর মরদেহ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৪, ৬:২৩ অপরাহ্ন
ঝালকাঠিতে নদীতে গোসলে নেমে নিখোঁজ, ৮ দিন পর মরদেহ উদ্ধার

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির সুগন্ধা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ৮ দিন পর আদিত্য চক্রবর্তী (৮) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার চড়বহরমপুর এলাকায় সুগন্ধা নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আদিত্য চক্রবর্তী শহরের বাতুরতলা এলাকার ব্যবসায়ী শিমুল চক্রবর্তীর একমাত্র ছেলে। সে নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৈত্র সংক্রান্তিতে মা ও দাদির সঙ্গে গত ১৩ এপ্রিল সকাল ১০টার দিকে আদিত্য গঙ্গাস্নানের জন্য সুগন্ধা নদীর তীরে যায়। এ সময় তার মা ও দাদি স্নানে ব্যস্ত থাকায় আদিত্য নদীতে পড়ে যায়। পরে দাদি তাকে ধরার চেষ্টা করলেও রাখতে পারেননি। নদীর স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে বরিশাল থেকে একটি ডুবুরি দল ও কোস্ট গার্ডের সদস্যরা গিয়ে নিখোঁজ শিশুর সন্ধানে সুগন্ধা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। কিন্তু তখন তাকে খুঁজে পাওয়া যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, গতকাল শনিবার রাত ৯টার দিকে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। এরপর ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের পর মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।