
জয়নাল আবেদীন ,বান্দরবান : দরজায় কঁড়া নাড়ছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। সারাদেশের মতো বান্দরবান জেলার আলীকদমেও বইছে নির্বাচনী হাওয়া। চা এর আড্ডা থেকে চলাফেরার পথে সর্বত্র আলোচনায় গুরুত্ব পাচ্ছে, কে হচ্ছেন এবার নতুন উপজেলা চেয়ারম্যান। আর এবারের উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকা না দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় উপজেলা পরিষদ নির্বাচন এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে অবস্থান করছে।
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আজ প্রথম ধাপের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। ১ম ধাপের নির্বাচনে অংশগ্রহণ করতে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন, ভাইস-চেয়ারম্যান পদে দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন’সহ মোট (০৬ জন) প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ ১৫ এপ্রিল (সোমবার) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় থেকে অনলাইনে প্রকাশিত তথ্য অনুযায়ী এই উপজেলায় চেয়ারম্যান পদে দুই জন, ভাইস-চেয়ারম্যান পদে দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন’সহ মোট ৬ জনের মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানা গেছে।
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে, আলীকদম সদর ইউনিয়নের আলীমুদ্দিন পাড়ার বাসিন্দা বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম এবং বাজার পাড়ার বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন।
ভাইস-চেয়ারম্যান পদে ১নং সদর ইউনিয়নের বাজার (মার্মা পাড়া) পাড়ার বাসিন্দা বর্তমান ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন , বাজার পাড়ার (কেন্দ্রীয় হরি মন্দির সংলগ্ন) বাসিন্দা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রিটন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার ও বৃহত্তর চৈক্ষ্যং ইউনিয়নের সাবেক মহিলা সদস্যা এবং নয়াপাড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি, ইয়াসমিন আক্তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী- প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের আজ ১৫ এপ্রিল শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি করা হবে ২১ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৩ এপ্রিল। ১৫২ উপজেলাসহ এই উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ৮ মে।
আপনার মতামত লিখুন :