ফের শীর্ষে আর্সেনাল ত্রিমুখী শিরোপার লড়াইয়ে | Daily AjKaler Kontho

ফের শীর্ষে আর্সেনাল ত্রিমুখী শিরোপার লড়াইয়ে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৪, ১:২৮ অপরাহ্ন
ফের শীর্ষে আর্সেনাল ত্রিমুখী শিরোপার লড়াইয়ে

স্পোর্টস ডেস্ক : দারুণ জমে ওঠা ত্রিমুখী শিরোপার লড়াইয়ে ফের শীর্ষে উঠেছে আর্সেনাল। শনিবার (৬ এপ্রিল) ব্রাইটনকে ৩-০ গোলে উড়িয়ে লিভারপুলের কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নেয় গানাররা। এর আগে ম্যানচেস্টার সিটি ৪-২’এ ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে তিনে অবস্থান শক্ত করে।

প্রিমিয়ার লিগে শীর্ষে ফেরার তাড়নায় ব্রাইটনের মাঠে শুরু থেকেই আক্রমণে আধিপত্য নেয় আর্সেনাল। তবে গোলের জন্য ৩৩ মিনিট অপেক্ষায় থাকতে হয় গানারদের। ডি-বক্সে গ্রাব্রিয়েল জেসুস ফাউলের শিকার হলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন বুকায়ো সাকা। দ্বিতীয়ার্ধেও একইভাবে খেলা শুরু করে ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অতিথি দল।

জর্জিনিয়োর কাট-ব্যাক থেকে কাই হার্ভাটজ বল জালে পাঠান। আট মিনিট পর লিয়ান্দ্রো ত্রোসা স্কোরলাইন ৩-০ করে সব অনিশ্চিয়তার অবসান ঘটান। ৩১ খেলায় ৭১ পয়েন্ট নিয়ে লিভারপুল ও ম্যানসিটিকে সমান এক পয়েন্ট করে পেছনে ফেলে লিগ শীর্ষে মিকেল আর্তেতার দল। পেপ গার্দিওলার সিটি এদিন প্যালেসের মাঠে পিছিয়ে পড়ে ৪-২’এ জয়োৎসব করে। এক মাসের বিশ্রাম কাটিয়ে ফেরা কেভিন ডি ব্রুইনের জোড়া গোলের সঙ্গে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অন্য দুই গোলদাতা রিকো লুইস এবং নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হালান্ডের চলতি লিগে গোল হলো সর্বোচ্চ ১৯টি।