
আজকালের কন্ঠ ডেস্ক : একটি পুরোনো উড়োজাহাজ নিয়ে যাওয়ার সময় ঢাকার বিজয় সরণি থেকে মহাখালী অভিমুখী সড়কের একটি ফুটওভারব্রিজে আটকে যায় সেটি। এতে কিছু সময় যানজটের সৃষ্টি হলেও পরে ওই সড়কের রাস্তা চলাচলের জন্য স্বাভাবিক করে দেওয়া হয়।
রোববার (৩১ মার্চ) রাত সোয়া ১০টায় বিএএফ শাহীন কলেজের গেটের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পুরোনো একটি উড়োজাহাজ বড় ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় ঘটে এক বিপত্তি। ফুটওভারব্রিজে আটকে যায় উড়োজাহাজের লেজ। পরে ওই উড়োজাহাজের লেজ খুলে নিলে তা সামনে এগোনোর সুযোগ পায়। মূলত একটি ট্রাকে (ট্রেইলার) করে পুরোনো উড়োজাহাজ নেওয়া হচ্ছিল। ওই উড়োজাহাজের দুপাশের ডানাগুলো আগেই খুলে রাখা হয়েছিল। তবে উড়োজাহাজের লেজ আটকে যায় ফুটওভারব্রিজের সঙ্গে। এতে ট্রাকটিও ফুটওভারব্রিজের নিচে আটকে থাকে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, নীল-সাদা রঙের ডরনিয়ার ২২৮ টার্বোপ্রপ বিমানের গায়ে লেখা ছিল বাংলাদেশ নেভি। ২০১৩ সালে নৌবাহিনীতে যে দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফট যুক্ত করা হয়েছিল, এটি তার একটি।
বাইরে থেকে দেখেই বোঝা যায় উড়োজাহাজটির কিছু অংশ আগেই খুলে রাখা হয়েছে। আটকে যাওয়ার কিছুক্ষণ পর একটি ফর্ক লিফট এনে কয়েকজন কর্মী উড়োজাহাজের লেজ খুলে ফেলেন।
আপনার মতামত লিখুন :