প্রেমিক বিয়ে করবেনা শুনে প্রেমিকার আত্মহত্যা | Daily AjKaler Kontho

প্রেমিক বিয়ে করবেনা শুনে প্রেমিকার আত্মহত্যা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন
প্রেমিক বিয়ে করবেনা শুনে প্রেমিকার আত্মহত্যা

আজকালের কন্ঠ ডেস্ক : প্রেমিক বিয়ে করবে না শুনে আত্মহত্যা করেছেন এক তরুণী। প্রেমিকের প্রতারণা সইতে না পেরে সবুজা খাতুন (১৯) নামের ওই যুবতী গলায় ফাঁস নেন।

গতকাল শুক্রবার (২৯ মার্চ) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকার সুসং আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।

মৃত সবুজা খাতুন ওই আশ্রয় প্রকল্পের বাসিন্দা মঞ্জু ইসলামের মেয়ে। তার প্রেমিক বাবু মিয়া (২৫) ওই একই এলাকার বাসিন্দা আব্দুল আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সবুজা আর বাবুর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গত ৩-৪ দিন আগে এ দুই ছেলে-মেয়েকে একত্রে পেলে, দুই পারিবারের মধ্যে তাদের সম্পর্কের কথা জানাজানি হয়। পরে মীমাংসার মাধ্যমে দু’জনকে বিয়ের আশ্বাস দেয় ছেলের পরিবার। তবে এ কথা বলে ছেলের পরিবারের লোকজন বাবুকে দূরে কোথাও পাঠিয়ে দেয়। এদিকে বাবুর সঙ্গে যোগাযোগ করলেও সে সবুজাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে মোবাইল ফোন বন্ধ করে দেয়। এ ধরনের প্রতারণা সইতে না পেরে সবুজা আত্মহত্যার পথ বেছে নেয়। এ ঘটনার পর বাবুর পরিবারের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করি আমরা। পরে সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।