
বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক আলীকদমের স্থানীয় দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ (মঙ্গলবার) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় ব্যাটালিয়ন সদর সংলগ্ন ক্যান্টিনের পার্শ্বে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আকিব জাভেদ পিএসসি, এই ইফতার সামগ্রী বিতরণ করেন। প্রতিটি ইফতার প্যাকেটে ছোলা, মুড়ি, খেজুর, আলুর চপ, প্যাকেট ড্রিংকস, মোরগ পোলাও এবং পানি রয়েছে।
উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের মেডিকেল অফিসার, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) “সীমান্তের অতন্দ্র প্রহরী” হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে বান্দরবান জেলার থানচি উপজেলাধীন সীমান্ত এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পাশাপাশি বাংলাদেশ মায়ানমার সীমান্তে অপারেশনাল কার্যক্রমের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতা প্রতিহত করে আসছে।
এছাড়াও “অপারেশন উত্তরণ” এর আওতায় পার্বত্য এলাকায় বাঙ্গালী ও পাহাড়ী জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন সময়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, নগদ অর্থ, বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল বিতরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
ভবিষ্যতেও এ সকল মানবিক কর্মকান্ডের ধারা অব্যাহত থাকবে বলে জানান আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আকিব জাভেদ পিএসসি।
আপনার মতামত লিখুন :