১৪ লাখ টাকা মুক্তিপণে উদ্ধার শিক্ষার্থী জামিনুর | Daily AjKaler Kontho

১৪ লাখ টাকা মুক্তিপণে উদ্ধার শিক্ষার্থী জামিনুর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৪, ৪:১৩ অপরাহ্ন
১৪ লাখ টাকা মুক্তিপণে উদ্ধার শিক্ষার্থী জামিনুর

আজকালের কন্ঠ ডেস্ক : প্রাইভেট কারের সাথে মোটর বাইকে ধাক্কা লাগিয়ে জরিমানা আদায়ের কথা বলে অপহরণের ঘটনা ঘটেছে রাজধানীতে। ধানমন্ডি ৩২ নম্বর সিগনাল থেকে এ পদ্ধতিতে অপহরণ হন মাস্টার মাইন্ড স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জামিনুর রহমান।

পরে, ১৪ লাখ টাকা দিয়ে তাকে উদ্ধার করে পরিবার। অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বলছে, ব্যক্তিগত ড্রাইভারের যোগসাজসে অপহরণ হন জামিনুর। চক্রটি বিভিন্নজনকে ড্রাইভার সরবরাহ করেছে বলেও জানান ডিবি পুলিশ।

রাজধানীর ব্যস্ততম এলাকা ধানমন্ডি ৩২ নম্বর সিগনালে ব্যক্তিগত গাড়িতে মোটর বাইক ধাক্কা দিয়ে উল্টো জরিমানা আদায়ের জন্য গাড়িতে চড়ে বসেন দুই ব্যক্তি। পরে জিম্মি করে নিয়ে যায় সাভার আর প্রাইভেট কার ফেলে রাখে বসিলা ব্রিজে।

প্রকাশ্যে অপহরণ হন মাস্টার মাইন্ড স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জামিনুর রহমান।

গত ২০ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে জামিনুরকে অপহরণের পর তার বাবা আনিসুর রহমানের কাছে এক কোটি পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করলেও ১৪ লাখ টাকায় হয় রফাদফা। টাকার বিনিময়ে ১৭ ঘণ্টা পর ছেলেকে উদ্ধার করেন বাবা।

ঘটনার শুরু থেকে পুলিশের তৎপরতা থাকলেও অপহরণ শিক্ষার্থীর পরিবারের অনুরোধে প্রকাশ্যে আসে না পুলিশ। টাকার বিনিময়ে জামিনুরকে উদ্ধারের পর অভিযানে নামে ডিবি পুলিশ। পরে, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয় অপহরণকারীদের সাত জনকে। সামনে আসে ব্যক্তিগত গাড়ি চালক কামরুলের যোগসাজশের কথা।

রাজধানীর ভাটার থানাধীন জোয়ার সাহারা এলাকায় রিকশার নম্বর প্লেট নিয়ে দ্বন্দের জেরে গোলাগুলির ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাথরুম থেকে ৬টি পিস্তল ও ৭৫ রাউন্ড গুলি উদ্ধার করে ডিবি পুলিশ।

রাজধানীতে অস্ত্রের ঝনঝনানির উৎপাত বেড়েছে উল্লেখ করলেও এদের রাজনৈতিক পরিচয় নিয়ে মুখ খুলেনি ডিবি পুলিশ।