সুন্দরবনের হরিণ হাতের নাগালে পাঁচ টাকায় | Daily AjKaler Kontho

সুন্দরবনের হরিণ হাতের নাগালে পাঁচ টাকায়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন
সুন্দরবনের হরিণ হাতের নাগালে পাঁচ টাকায়

আজকালের কন্ঠ ডেস্ক : মাত্র পাঁচ টাকার চর শাক দিয়েই সুন্দরবনে হরিণের দলকে হাতের নাগালে আনতে সক্ষম হচ্ছে পর্যটকরা। এর পর কেউ সেলফি বা ছবি তুলে, আবার কেউ ভিডিও করে পোস্ট দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মায়াবী হরিণকে ধরতে আর ছবি তুলতে প্রতিদিন সুন্দরবনের পর্যটন স্পট করমজলে ভিড় জমাচ্ছে নারী-পুরুষসহ নানা বয়সের হাজারো দর্শনার্থী। লাখ লাখ টাকা রাজ্বস্ব আয় হচ্ছে বন বিভাগের। আর ওই শাক বিক্রির টাকা দিয়েই চলছে লাল মিয়ার সংসার।

মাত্র পাঁচ টাকা খরচ করে বনের হরিণকে হাতের নাগালে আনা যাচ্ছে। “চরের ঘাস এক মুঠি ৫ টাকায় কিনে হরিণকে হাতে ধরে খাবার দিন, আর ছবি তুলুন- এসব বলে বনের করমজল স্পটে চরশাক বিক্রি করছেন”লাল মিয়া”। মায়াবী হরিণকে হাতে ছুঁতে পেরে খুশি পর্যটকরা।

পর্যটকদের কাছে শাক বিক্রি করে চলে ৭৫ বছর বয়সী লাল মিয়ার ৬ জনের সংসার। তবে এ শাক বিক্রির পেছনে রয়েছে অন্য গল্প। জেলে পেশায় থাকার সুবাদে একদিন করমজলে তিনি দেখতে পান, পর্যটকরা হরিণকে কাছে আনতে মানুষের খাবার দিচ্ছে। এতে হরিণগুলো রোগাক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে এমনটি ভেবেই ১২ বছর আগে থেকে তিনি চরের শাক বিক্রি শুরু করেন।

লাল মিয়া যে পেশা বেছে নিয়েছেন, তাতে হরিণের সুস্থ থাকা ,রাজ্বস্ব আয় ও লাল মিয়ার সংসার-এ তিনটি উপকার জড়িত।

লাল মিয়ার মতো সবাই যদি দেশ ও জাতিকে নিয়ে চিন্তা করে নিজের কর্ম ঠিক করে, তবেই দেশ এগিয়ে যাবে- এমনটা মনে করছেন সচেতন মহল।