
আজকালের কন্ঠ ডেস্ক :এত উন্নয়ন করার পরও একটি গোষ্ঠী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
গতকাল শনিবার (৯ মার্চ) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নবনির্বাচিত নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে হতদরিদ্র দেশ থেকে আজকের উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। বিশ্বের অনেক উন্নত দেশ আজ বাংলাদেশকে দেখে বিস্ময় চোখে তাকিয়ে থাকে। এসব কিছুই সম্ভব হয়েছে শেখ হাসিনার কারণে। তার কারণে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এত উন্নয়নের পরও একটি গোষ্ঠী বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র করছে।তাদের বিরুদ্ধে আমাদের যার যার অবস্থান থেকে সজাগ থাকতে হবে।’
তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীরা দেশবিরোধী অপশক্তি। তারা দেশের মানুষকে শান্তি দিতে জানে না। দেশের মানুষের মুক্তি, শান্তি ও উন্নয়নের লক্ষ্যে তারা কোনো কাজ করে না। শেখ হাসিনা মানুষের জন্য যে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তার এ চলার পথকে তারা বাধাগ্রস্ত করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে রুখে দিতে চায়। তারা বারবার আমাদের অর্থনীতির ওপর আঘাত করতে চায়।
তিনি আরও বলেন, ‘যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে, গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ বিশ্বাস করে তাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকব। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারে না। ঐক্যবদ্ধ শক্তি আমাদের আরও শক্তিশালী করবে।’
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘কেউ যদি অপ্রয়োজনে অথবা নিজের স্বার্থের জন্য বঙ্গবন্ধুর আদর্শের শক্তিকে পরাজিত করে আত্মতৃপ্তি পায়, তাদের সঙ্গে গণতান্ত্রিক, প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে তাদের পক্ষের শক্তি থাকবে না। যাদের অসৎ উদ্দেশ্য থাকে তারা সবসময় পরাজিত হয়।
আপনার মতামত লিখুন :