মোবাইল চোর চক্রে জড়িত ৬ ভারতীয় আটক | Daily AjKaler Kontho

মোবাইল চোর চক্রে জড়িত ৬ ভারতীয় আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৪, ১:১৬ অপরাহ্ন
মোবাইল চোর চক্রে জড়িত ৬ ভারতীয় আটক

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর বাড্ডায় মোবাইল চোর চক্রের সঙ্গে জড়িত ৬ জন ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা চোরাই মোবাইল ছাড়াও কসমেটিকস, শাড়ি-কাপড় ও থ্রিপিসসহ বিভিন্ন পণ্য চোরাচালানে যুক্ত বলে জানা গেছে।

গত বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবির লালবাগ বিভাগ। এসময় তাদের কাছ থেকে ভারত থেকে চুরি করে নিয়ে আসা ২১টি মোবাইল, চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা কসমেটিকস, শাড়ি-কাপড় ও থ্রি-পিস জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি।

তিনি জানান, দীর্ঘদিন ধরে একটা চক্র বাংলাদেশ থেকে স্মার্টফোন চুরি করে ভারতে পাচার করছিল। আবার ভারতে চুরি যাওয়া কিছু মোবাইল বাংলাদেশে এনেও বিক্রি করে তারা।

ডিএমপির এ কর্মকর্তা আরও জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তদন্তে এ রকম একটি চক্রের সন্ধান মেলে রাজধানীর বাড্ডায়। সেখানে অভিযান পরিচালনা করে ভারত থেকে আনা চোরাই ২১টি মোবাইলসহ অনেক চোরাচালান পণ্য জব্দ করা হয়।