‘ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করবে’ | Daily AjKaler Kontho

‘ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করবে’


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন
‘ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করবে’

আজকালের কন্ঠ ডেস্ক : ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করবে বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাংলাদেশ ক্লাব লিমিটেড উত্তরা ৪ নম্বর সেক্টর, ৯ নম্বর রোডে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে ‘ফিরে দেখা অমর একুশ’ শিরোনামে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সড়কে আলপনা, মহান একুশের স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, সংগীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসি মেয়র বলেন, আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। আমরা বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে পেয়েছি। মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে পাকিস্তানি বাহিনী উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। কিন্তু আমাদের জাতির পিতাসহ অন্যান্য ভাষা সৈনিকেরা সেদিন তীব্র আন্দোলন করে রক্তের বিনিময়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করেছিল। এই অর্জন সহজ ছিল না। অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে এই অর্জন। বিশ্বের বুকে একমাত্র বাংলাদেশই মাতৃভাষার জন্য আন্দোলন করেছে। ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করবে।

মেয়র বলেন, ভাষার মাসে আমাদের প্রতিজ্ঞা করতে হবে শহরকে পরিষ্কার রাখার। ভাষা সৈনিকদের ত্যাগ থেকে শিক্ষা নিয়ে এই দেশকে, শহরকে ভালবাসতে হবে। যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে। অবৈধ দখল বন্ধ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী। অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান এবং ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. নাসির উদ্দীন প্রমুখ।