বিএনপির আন্দোলনে সহিংসতা থাকলে বাধা আসবে: ওবায়দুল | Daily AjKaler Kontho

বিএনপির আন্দোলনে সহিংসতা থাকলে বাধা আসবে: ওবায়দুল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৪, ৩:৩৮ অপরাহ্ন
বিএনপির আন্দোলনে সহিংসতা থাকলে বাধা আসবে: ওবায়দুল

আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিবে না সরকার। তবে আন্দোলনে সহিংসতা থাকলে বাধা আসবে বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বাধা দেওয়ার মত সহিংস তৎপরতা, সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস এসব উপাদান যদি আন্দোলনে যুক্ত হয় তাহলে বাধা আসবে। তারা শান্তিপূর্ণ কর্মসূচি দিলে আমরা বাধা দিব কেন?’

বিএনপির বর্তমান রাজনৈতিক কর্মসূচি নিয়ে সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশে বিরোধী দলের যে রাজনীতি মুল ইস্যুই হচ্ছে যত দোষ নন্দ ঘোষ সরকার। সরকারই সব অপরাধে অপরাধী। তারা নালিশ করতে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। বিএনপি নেতা মঈন খান মার্কিন দূতাবাসে গিয়ে নালিশ করেছেন দেশে মানবাধিকার নেই, গণতন্ত্র নেই।

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘বিএনপি নেতাদের কাছে জানতে চাই, ৫৪ দলের সরকার বিরোধী যে ঐক্য জোট, এ জোটের শরিকরা কোথায়? সেই ঐক্য কোথায়? জগাখিচুড়ি ঐক্যজোট কোথায়? এখন সরকারের উপর দোষ দিয়ে পার পাওয়া যাবে?’

নির্বাচনে আওয়ামী লীগ হেরেছে, বিএনপি জিতেছে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সবাই জানে নির্বাচনে কারা জিতেছে। নির্বাচনে অংশ না নিয়েই বিএনপি জিতে গেল? এটা পাগলের প্রলাপ ছাড়া আর কি?’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ব্যবস্থা হচ্ছে, নতুন করে চিন্তা -ভাবনা করছি। দলে সিদ্ধান্ত হয়েছে, এসব ঘটনার পূনরাবৃত্তি রোধে যত কঠোর হওয়া দরকার।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।